কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকার বেশি মূল্যের ১০,২০০ পিস বার্মিজ ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।
শুক্রবার (১৩ জুন) দুপুর ১টার দিকে হোয়াইক্যং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি যানবাহন চেকপোস্টে পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি শুরু করেন বিজিবি সদস্যরা। সিএনজির চালক আব্দুর রহিম (৩২), টেকনাফের হোয়াইক্যং এলাকার আবুল মঞ্জুরের ছেলে।
বিজিবি জানায়, সন্দেহভাজন হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে সিএনজিটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০,২০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ ৬০ হাজার টাকা।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, আটককৃত ব্যক্তি ও জব্দ করা মাদক দ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।