চট্টগ্রামের হাটহাজারীতে চাঞ্চল্যকর আরিফ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃতরা হলেন মোঃ মানিক (৪২) এবং মোঃ জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীর (৪৫)।
র্যাব সূত্রে জানা যায়, গত ৮ জুন রাত ১১টার দিকে হাটহাজারী থানার সন্দ্বীপ কলোনী এলাকায় স্থানীয় মাদক কারবারি মহিউদ্দিন শিবলু ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে সিএনজি ও মোটরসাইকেলযোগে এসে ভিকটিম আরিফ হোসেন এবং সাখাওয়াত হোসেনের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় আরিফ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১১ জুন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে হাটহাজারী থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৭, তারিখ: ১২ জুন ২০২৫; ধারা: ৩০২/১১৪/৫০৬(২)/৩৪ পেনাল কোড)। মামলায় তিনজনের নাম উল্লেখসহ আরও ৬/৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
পরে র্যাব-৭, চট্টগ্রাম মামলার পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ জুন সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ এলাকা থেকে মোঃ মানিককে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে কুমিল্লার বাঙ্গরা বাজার থানার কাকাতুয়া এলাকা থেকে গিট্টু জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “এটি ছিল একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। ভিকটিম আরিফ এবং তার সঙ্গীরা এলাকার মাদক ও দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বলেই তারা টার্গেটে পরিণত হন। ঘটনার পরপরই র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে দুই পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতে র্যাব সর্বদা সচেষ্ট থাকবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তারা।