দেশের কৌশলগত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কক্সবাজারের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা পরিদর্শনে এসেছেন বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের দুই অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি)।
মঙ্গলবার (১৭ জুন) কক্সবাজারে পৌঁছে জেলা পুলিশের নিরাপত্তা ব্যবস্থার সরেজমিন মূল্যায়ন করবাংলাদেশ পুলিশের বিশেষ শাখা, ঢাকা এর সুরক্ষা ও প্রটোকল বিভাগের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ মনিরুজ্জামান এবং পুলিশ সদর দপ্তরের অর্থ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) তাপতুন নাসরিন।
কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন তাঁদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা – ডিএসবি) অলক বিশ্বাস।
সফরকালে জেলা পুলিশের তত্ত্বাবধানে তাঁরা জেলার বিভিন্ন কেপিআই তালিকাভুক্ত স্থাপনাসমূহ পরিদর্শন করেন। নিরাপত্তা কার্যক্রম, রক্ষণাবেক্ষণ ও মনিটরিং সিস্টেম পর্যালোচনা করে পুলিশ সদস্যদের কার্যকারিতা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশংসা করেন।
অতিরিক্ত মহাপরিদর্শকগণ বলেন, কক্সবাজারের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত প্রগতিশীল ও দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে। তবে আমরা আরো কিছু প্রযুক্তিগত উন্নয়ন ও প্রশিক্ষণ বৃদ্ধির পরামর্শ দিয়েছি যাতে ভবিষ্যতে ঝুঁকি রোধে কার্যকর ভূমিকা নেয়া যায়।
পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন বলেন, পুলিশ সদর দপ্তরের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তার এই পরিদর্শন আমাদের জন্য অনুপ্রেরণার। আমরা জাতীয় নিরাপত্তার প্রতি আমাদের দায়বদ্ধতা আরও শক্তিশালী করে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করব।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ জেলা ও কেপিআই স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়নের অংশ হিসেবে এ ধরণের পরিদর্শন করা হয়।