বিশ্ব শরণার্থী দিবস ২০২৫ উপলক্ষে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা সচিব।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল পৌনে ১১ টার দিকে উপজেলার কুতুপালং ক্যাম্প-৪ এর সিআইসি অফিস চত্বরে পৌঁছান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, সচিবের একান্ত সচিব সোহেল রানা, উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী, ক্যাম্প-৪ ও ৪ এক্সটেনশনের সিআইসি সুরাইয়া আক্তার সুইটি, এছাড়া আন্তর্জাতিক সংস্থা আইএসসিজি-এর প্রধান সমন্বয়কারী ডেভিড বাগডেন, ইউএনএইচসিআর কক্সবাজারের প্রধান পরিচালন কর্মকর্তা ইয়োকো আকাসাকা।
পরে ১১টায় বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় এনজিওর উদ্যোগে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী রোহিঙ্গা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার (ক্রেস্ট ও সম্মাননা) বিতরণ করা হয়।
বক্তারা রোহিঙ্গাদের ওপর মিয়ানমারে সংঘটিত বর্বর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানান এবং তাদের নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
পরবর্তীতে দুপুর ১টায় প্রতিনিধি দল ক্যাম্প-১২ এর জি/২ ব্লকে অবস্থিত রোহিঙ্গা ডাটা রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। সচিব মহোদয় সেখানে আন্তর্জাতিক শরণার্থী দিবস উপলক্ষে রোহিঙ্গা শিক্ষার্থীদের দেয়ালচিত্র অঙ্কন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং নতুন রেজিস্ট্রেশন কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নতুন পদ্ধতির বিস্তারিত তথ্য জেনে কার্যক্রমের প্রশংসা করেন তিনি।নপরিদর্শন শেষে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।