কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী পৃথক দুই অভিযানে ২ হাজার পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।
তিনি জানান, শুক্রবার (২০ জুন) টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার ইমামের ডেইল চেকপোস্টে থামালে বিজিবি সদস্যরা তল্লাশিতে যাত্রী মোঃ রুবেল মিয়া (১৯), গ্রাম- ডেইলপাড়া, টেকনাফ-এর প্যান্টের পকেট থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
অপরদিকে গত বৃহস্পতিবার (১৯ জুন) টেকনাফ থেকে চট্টগ্রামগামী ‘শাওন এন্টারপ্রাইজ’ নামক একটি বাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে বাসের ইঞ্জিন কভারের নিচে লুকানো অবস্থায় ২,০০০ পিস ইয়াবা উদ্ধার করে। বাসের ড্রাইভার আরাফাত হোসেন (২২) ও হেল্পার আনোয়ার হোসেন (২০) সহ দু’জনই কক্সবাজার পৌরসভার ঘোনার পাড়ার বাসিন্দা। তারা জিজ্ঞাসাবাদে ইয়াবা পরিবহনের কথা স্বীকার করে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, উভয় ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে যথাক্রমে টেকনাফ ও উখিয়া থানায় মামলা দায়ের ও মাদক জব্দপূর্বক থানায় স্থানান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, “সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।