কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে পরিচালিত অভিযানে ২৬ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ জুন) রাত ৯টার দিকে হ্নীলা থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশিকালে এ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল্লাহ (৩০)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মৃত আব্দুল হকের পুত্র।
বিজিবি জানায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে সন্দেহজনকভাবে ট্রাকটি থামানো হলে চালক আব্দুল্লাহ প্রাথমিকভাবে কিছুই স্বীকার করেননি। পরে ট্রাকটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশির একপর্যায়ে লুকিং গ্লাসের ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২৬ হাজার পিস বার্মিজ ইয়াবা, যার বাজারমূল্য আনুমানিক ৭৮ লাখ টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাদক পাচার প্রতিরোধে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সর্বদা সচেষ্ট। সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য দমনে আমাদের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।