কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার বিলাসীর দ্বীপ থেকে দেশীয় পিস্তল, রাইফেলের গুলি, মর্টার শেল এবং আর্জেস হ্যান্ড গ্রেনেডসহ বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
শনিবার (২১ জুন) বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি’র নির্দেশনায় হোয়াইক্যং বিওপি’র নায়েক মোঃ নুর হোসেনের নেতৃত্বে বিকেল সাড়ে ৫টার দিকে একটি বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে বিলাসীর দ্বীপ এলাকায় জঙ্গলের ভেতর থেকে একটি সাদা ব্যাগে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশীয় পিস্তল (ওয়ান শুটার গান), ১০ রাউন্ড রাইফেল গুলি, ৩টি ৬০ মিঃমিঃ মর্টার শেল, ৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেড, ২টি বডিসেট ফিউজ এবং ৩টি অতিরিক্ত ফিউজ।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, টেকনাফ সীমান্ত এলাকায় এই ধরনের অভিযান আমাদের সুরক্ষা ও শান্তি বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অবৈধ অস্ত্র ও বিস্ফোরক চক্রকে গ্রাস করতে কঠোর পদক্ষেপ নিচ্ছি। এই উদ্ধার আমাদের কার্যক্রমের সাফল্যের প্রমাণ। সবাইকে আমাদের সাথে যুক্ত থেকে সীমান্ত সুরক্ষায় সহযোগিতা করার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত এসব অস্ত্র টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মর্টার শেল ও গ্রেনেড ধ্বংসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।