কক্সবাজারের উখিয়ার পূর্ব তুলাতলি সীমান্ত এলাকায় ৩৪ বিজিবির চিরুনি অভিযানে ৩৪ হাজার পিস বার্মিজ ইয়াবা সহ একই রোহিঙ্গা পরিবারের তিন আটক। এ সময় তাদের কাছ থেকে একটি রামদাও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- ১) মোঃ মাহমুদুল হাসান (২৩) ২) মোঃ হাকিম (১৮) ও ৩) মোঃ শফি আলম (৩০) তিনজনেরই আপন ভাই। তারা উখিয়ার ১ নম্বর ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা আলি আহমেদ এর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি।
রবিবার (২২ জুন) রাত সাড়ে ৯টায় উখিয়া উপজেলার পূর্ব তুলাতলি সীমান্ত এলাকায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেজুপাড়া বিওপি’র আওতাধীন পূর্ব তুলাতলি বিজিবির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় ওঁত পেতে থাকলে তিনজন ব্যক্তি কাঁধে ব্যাগ বহন করে সামনে এগিয়ে আসতে দেখা যায়।
এসময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।পরে আটক ব্যক্তিদের দখলে থাকা ব্যাগ তল্লাশি করে ৩৪,০০০ পিস ইয়াবা এবং একটি রামদা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন— “সীমান্তে পরিচালিত এই অভিযান বিজিবির নিয়মিত মাদকবিরোধী তৎপরতার অংশ। সীমান্ত এলাকাকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত ইয়াবা ও আটক তিন আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।