কক্সবাজারের উখিয়া উপজেলার এফডিএমএন ক্যাম্প-১৬ এর বি/০৫ ব্লকে পারিবারিক কলহের জেরে এক রোহিঙ্গা তরুণী আত্মহত্যা করেছেন।
গত রবিবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী তরুণীর নাম কাওছারী ফাতেমা (১৮)। তিনি মৃত মোহাম্মদ ইসহাকের কন্যা। তার এফসিএন নম্বর ২৩৮০৫৮ এবং এইচএইচ নম্বর ৯৫৭ বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলে পড়েন কাওছারী ফাতেমা। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা ঘরের বাইরে ছিলেন। ফিরে এসে ফাতেমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করলেও ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে ক্যাম্প-১৬ এর দায়িত্বপ্রাপ্ত হেড মাঝি ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জ (CiC) এবং ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের অবহিত করেন। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার পেছনে প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।