কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় যৌথ বিশেষ অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৩ জুন) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে টেকনাফ থানাধীন ক্যাম্প-১৬সহ মোট সাতটি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক ও পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ১৬ এপিবিএন-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার। তার প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এতে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, বিজিবি, ব্যাটালিয়ন আনসার ও র্যাবের একটি সমন্বিত দল অংশগ্রহণ করে। অভিযান চলাকালে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (সিআইসি) ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুজয় সরকার উপস্থিত ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৫ (আলীখালী)-এর শালবাগান এলাকার ডি-ব্লকে অভিযান চালিয়ে এক চায়ের দোকানের সামনে থেকে মাদক কারবারি কামাল হোসেন (৩৫) টেকনাফের আলীখালী ২৫ নম্বর ক্যাম্পের ডি/১৯ ব্লকের মৃত আবুল হোসেনের ছেলে কে আটক করা হয়। তার কাছ থেকে ১২৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার বলেন, “রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ মাদক ব্যবসা ও অপরাধ দমনে আমরা নিয়মিতভাবে যৌথ অভিযান পরিচালনা করছি। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।