কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকা থেকে ১,০০,০০০ (এক লক্ষ) পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এসময় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২৫ জুন) রাত আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে ঘুমধুম বিওপির অধীন সীমান্ত এলাকার নোয়াপাড়া খাল সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে ঢুকতে পারে। সেই তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল এলাকায় ওঁৎ পেতে থাকে।
অভিযানের সময় দেখা যায়, দুইজন ব্যক্তি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে রাতের অন্ধকারে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, রাতে ঘুমধুম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এসময় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন,“সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। দেশের যুবসমাজকে রক্ষা করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।