কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও অন্যান্য অনিয়মের দায়ে ৪টি পৃথক মামলায় চারটি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৩০ জুন ২০২৫) বিকেল ৪ টায় উপজেলার পালংখালী ইউনিয়নের পালংখালী বাজার এলাকায় উখিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়, ১. মেসার্স এস আর মেডিকো ১ লাখ টাকা, ২. মেসার্স আজমান মেডিকেল হল ৫০ হাজার টাকা, ৩ মেসার্স রামা ফার্মেসী ১ লাখ টাকা ও ৪. অন্যান্য ৫ হাজার টাকা সহ বিভিন্ন ধারায় সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের প্রমাণসাপেক্ষে মোট ৪টি মামলায় ২,৫৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন বলেন- উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বাস্থ্যের সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জনস্বার্থে এসব তদারকি জোরদার করা হবে। তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবার মান উন্নয়নে, মেয়াদোত্তীর্ণ ওষুধের বিপণন বন্ধে এবং ব্যবসায়ীদের সচেতন করতে আমাদের অভিযান চলমান থাকবে। যারা নিয়ম অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।