কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবি’র মাদকবিরোধী অভিযানে বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার সীমান্তবর্তী রহমতের বিল এলাকায় এই অভিযান চালানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর নিয়মিত টহলের অংশ হিসেবে বালুখালী বিওপি’র একটি আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বিকেল ৩টায়, সীমান্ত বিপি পিলার-২৬ হতে প্রায় ৭০০ গজ উত্তর-পশ্চিমে এবং বিওপি হতে ১.৪ কিলোমিটার দক্ষিণে রহমতের বিল স্থানে অবস্থান নেয় টহলদল।
অভিযান কালে বিকেল সাড়ে ৩টায় মিয়ানমার সীমান্তবর্তী দিক থেকে দুইজন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহলদল তাদেরকে ধাওয়া করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাদের আটক করে। তাদের হাতে থাকা মাছ বহনের একটি ঝুড়ির মধ্যে লুঙ্গি দ্বারা মোড়ানো দুইটি প্যাকেটের ভিতরে বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়েও অতিরিক্ত কোনো অবৈধ সামগ্রী পাওয়া হয়নি।
আটককৃতরা হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার মৃত হোসাইনের ছেলে মোঃ মামুন (২৬), ও একেই এলাকার আহমেদ হোসেনের ছেলে মোঃ সৈয়দুল বসর (২৮)।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, আজকে রহমতের বিল সীমান্তে অভিযান চালিয়ে বিশ হাজার পিস ইয়াবাসহ দুই জন আটক করা হয়েছে। উখিয়া ব্যাটালিয়ন মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।