কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২,০০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।
রবিবার (৩০ জুন) সকালে টেকনাফ-উখিয়া সড়কের শীলখালী অস্থায়ী চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
আটককৃত ব্যক্তি হলেন টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার মৃত শহর মুল্লুকের ছেলে নুর আলম (৪৫)।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী মিনিবাসে ইয়াবা পাচার হচ্ছে। সে অনুযায়ী শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। পরে চেকপোস্টে মিনিবাসটি থামিয়ে তল্লাশি চালালে এক যাত্রীর কাছে থাকা দুটি বালতির একটির ভিতরে স্কচটেপ মোড়ানো প্যাকেটে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি স্বীকার করেছে, সে রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারের মহেশখালীতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।”
তিনি আরও জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের ও হস্তান্তর করা হয়েছে।