কক্সবাজারে উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি), ২ রাউন্ড রাইফেলের গুলি ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) প্রবাল সিনহা সঙ্গীয় ফোর্সসহ কিলো-৬ রাত্রিকালীন ডিউটিরত অবস্থায় দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ঘোনারপাড়া এলাকার উখিয়া-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে মেসার্স লিমা স্যানিটারি দোকানের সংলগ্ন একটি মাঠে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি ফেলে রাখা হয়েছে।
পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ০২টি ওয়ান শুটার গান (এলজি), ০২ রাউন্ড রাইফেলের গুলি ও ০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে আইনানুগভাবে জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঘোনারপাড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুইটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড রাইফেলের গুলি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। সমাজবিরোধীরা এসব অস্ত্র এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে মজুদ করে থাকতে পারে। পুলিশের এই ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানের মাধ্যমে আমরা অস্ত্রধারী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।”
উল্লেখ্য, উখিয়া থানাধীন বিভিন্ন এলাকায় পূর্বেও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে উখিয়া থানা পুলিশ।
তবে কারা বা কোন উদ্দেশ্যে এসব অস্ত্র সেখানে রেখেছিল তা এখনো নিশ্চিত নয়। এলাকাটি রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন হওয়ায় সীমান্তবর্তী সন্ত্রাসী চক্র বা মাদক চোরাচালানকারী গোষ্ঠীর সংশ্লিষ্টতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ঘটনার পর থেকেই ওই এলাকাজুড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং আশপাশের জায়গাগুলোর ওপর নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে অস্ত্রের উৎস এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় তদন্ত শুরু করেছে পুলিশ।