কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের মাদকবিরোধী অভিযানে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার ক্যারেঙ্গাঘোনা-২ নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮ এর নিকটবর্তী এলাকায় অবস্থান নেয়। আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মিয়ানমার সীমান্ত থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাকে ধাওয়া করা হয়। চোরাকারবারি দৌড়ে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা এলাকায় তল্লাশি চালিয়ে ১০টি প্যাকেটের ভেতর থেকে ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা বলে জানানো হয়েছে।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। চোরাকারবারিকে সনাক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
উল্লেখ্য, মাদক পাচার রোধে উখিয়া ও টেকনাফ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।