টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে টেকনাফের সীমান্তবর্তী জনপদ শাহপরীর দ্বীপে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও হঠাৎ প্লাবন। দ্বীপের জালিয়াপাড়া এলাকাটি এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে জেলে পরিবার ও নিম্নআয়ের মানুষগুলো পড়েছেন চরম বিপাকে। অনেকেই ঘরবন্দী হয়ে পড়েছেন- ঘটেছে খাদ্য ও বিশুদ্ধ পানির ভয়াবহ সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মোঃ কামরুল হাসানের নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলামের নেতৃত্বে সেবামূলক এবং মানবিক দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে র্যাব-১৫ দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে ছুটে যায়। সেখানে জালিয়াপাড়া এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। এতে মুহূর্তেই হাসি ফুটে ওঠে বিপর্যস্ত মানুষের মুখে। তাদের চোখে ছিল কৃতজ্ঞতা- কারণ এই দুর্যোগে খুব কম হাতই বাড়িয়ে এসেছে এত দ্রুত।
র্যাব-১৫ এক বিবৃতিতে জানায়, “মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়, র্যাব স্থানীয়দের পাশে থেকে কাজ করে যাবে।
র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মোঃ কামরুল হাসান বলেন, “র্যাব শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়- দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে দাঁড়াতেও দৃঢ়প্রতিজ্ঞ। শাহপরীর দ্বীপের মানুষের এই কষ্ট আমাদের স্পর্শ করেছে। আমরা চেষ্টা করছি তা লাঘব করতে।”
বিপর্যয়ের মুহূর্তে র্যাব-১৫ এর এমন দ্রুত সাড়া ও ত্রাণ সহযোগিতা সাধারণ মানুষের মধ্যে সাহস, ভরসা ও মানবিকতার আশ্বাস এনে দিয়েছে।