ঢাকায় নিযুক্ত স্পেন দূতাবাসের সাংবাদিক প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফ থানাধীন ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঢাকায় নিযুক্ত স্পেন দূতাবাসের পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলনেত্রী ক্যাস্ত্রো জেনি টরেস। দলের অন্যান্য সদস্যরা ছিলেন সাংবাদিক বোরেগুয়েরো হুয়ান আন্তোনিও আউনিয়ন, ভিডিওগ্রাফার রুয়া আলভারো রদ্রিগেজ দে লা, আলোকচিত্রী দিয়াজ স্যামুয়েল সানচেজ এবং অস্ট্রেলীয় নাগরিক অ্যান্থনি ওয়্যার।
আরআরআরসি অফিস সুত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি ক্যাম্প-২২ এর এ/১ ব্লকে অবস্থিত ‘সেভ দ্য চিলড্রেন’ পরিচালিত শিশু সুরক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনের সময় কেন্দ্রের কেস ম্যানেজমেন্ট অফিসার ইমরানুর রশিদ শিশু সুরক্ষা, শিশুশ্রম প্রতিরোধ এবং রোহিঙ্গা শিশুদের কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
অন্যদিকে, অ্যান্থনি ওয়্যার ক্যাম্প-২২ সিআইসি অফিসে ক্যাম্প ইনচার্জ রনি আলমের সঙ্গে ইউনিসেফের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প ও এর সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন।
টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার জানান, “আমরা রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছি। আন্তর্জাতিক সহযোগিতা আমাদের প্রচেষ্টাকে শক্তিশালী করেছে। স্পেন সাংবাদিক প্রতিনিধিদলের ক্যাম্প পরিদর্শন কার্যক্রম গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ হবে বলে আশা করি।
পরিদর্শনকালে ১৬ এপিবিএনের নিরাপত্তা জোরদার ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং তারা দুপুরে ক্যাম্প এলাকা ত্যাগ করে।