চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় র্যাব-৭ এর অভিযানে একটি পরিত্যক্ত দেশীয় তৈরী একনলা পাইপগান উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি রাস্তার পাশের ঝোপের মধ্যে লুকানো ছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম র্যাব-৭ এর একটি আভিযানিক দল রাউজান থানাধীন পালোয়ান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাস্তার পাশের ঝোপের ভেতর থেকে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি একনলা পাইপগান পরিত্যক্তভাবে পড়ে থাকতে দেখে তা উদ্ধার করা হয়।
র্যাব-৭ জানিয়েছে, কেউ বা কারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রটি লুকিয়ে রেখেছিল। তবে স্থানীয়দের নিরাপত্তা বিবেচনায় তাৎক্ষণিকভাবে অস্ত্রটি জব্দ করা হয়।
চট্টগ্রাম র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে র্যাব নিরলসভাবে কাজ করছে। আমাদের প্রতিটি অভিযানই জনগণের নিরাপত্তা নিশ্চিতের একটি অংশ। রাউজান থেকে উদ্ধারকৃত অস্ত্রটি কোনো অপরাধীচক্রের কর্মকাণ্ডের অংশ হতে পারে—যার তদন্ত চলমান রয়েছে।
তিনি আরও বলেন, “র্যাব-৭ সবসময় জিরো টলারেন্স নীতিতে অপরাধ দমন করছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।