কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় টানা ভারি বৃষ্টিতে প্লাবিত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টায় উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি’র অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে ১০০ বন্যার্ত পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেন উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ ইশতিয়াক আহমেদ এবং সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোঃ মাসুদ রানা।
বিজিবির পক্ষ থেকে বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে প্রতিটি প্যাকেটে ছিল- চাল, ডাল, ভোজ্য তেল, লবণ, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সামগ্রী।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় দেশের যে কোনো দুর্যোগ ও সংকটে জনগণের পাশে আছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো দুর্গত মানুষের কিছুটা হলেও উপকারে আসবে এটাই আমাদের প্রত্যাশা।
স্থানীয়রা বিজিবির মানবিক এই সহায়তা কার্যক্রমে কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়েছে। দুর্যোগকালীন এই সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়িয়ে সীমান্তরক্ষী বাহিনী যে সহমর্মিতার পরিচয় দিয়েছে, তা দুর্গত মানুষের মনে স্বস্তি ও সাহস যুগিয়েছে।