কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে মুছানা (২২) নামের এক রোহিঙ্গা নারী বিষপান করে আত্মহত্যা করেছেন।
শনিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে উখিয়া থানাধীন ক্যাম্প-১ ওয়েস্টের বি-৪ ব্লকে ঘটনাটি ঘটেছে। নিহত মুছানা ক্যাম্প-১ ওয়েস্টের বি-৪ ব্লকের বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মুছানার স্বামী মোঃ উল্লাহ’র সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে অভিমানে নিজ শেল্টারে থাকা কীটনাশক জাতীয় বিষপান করেন তিনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, পারিবারিক কলহের জেরে এক রোহিঙ্গা নারী বিষপান করে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।