কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উখিয়ার বালুখালীর এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-১৭ ও ক্যাম্প-০৮ ওয়েস্ট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, এনডিসি, পিএসসি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী প্রমুখ।
পরিদর্শনকালে প্রতিনিধি দল ক্যাম্প এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, নজরদারি টাওয়ার, আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান, মানবিক সহায়তা কার্যক্রম এবং আর্লি ওয়ার্নিং ও রেসপন্স ব্যবস্থার কার্যকারিতা সরেজমিনে ঘুরে দেখেন ও তদারকি করেন। বিশেষ গুরুত্ব দিয়ে ক্যাম্প-১৭ এর সিআইসি অফিস সংলগ্ন এলাকা এবং ক্যাম্প-০৮ ওয়েস্ট এর গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ পরিদর্শন করা হয়। এরপর বিকেল ৪টায় প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠছে। সন্ত্রাস দমন ও ক্যাম্পে শৃঙ্খলা বজায় রাখতে আমরা একযোগে কাজ করছি। এই সংকট দীর্ঘমেয়াদী না হয়, সে লক্ষ্যে সরকার আন্তরিক ভাবে কাছ করছে।