কক্সবাজারে মাদকের ঘাঁটি হিসেবে পরিচিত টেকনাফে আবারও র্যাবের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পূর্ব মহেশখালিয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে স্থানীয় টমটম চালক সেলিম উদ্দিনের ঘর থেকে ৮ হাজার ৫০ পিস ইয়াবা ও নগদ ১ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে দুই নারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার সাভার উপজেলার বালুচর ইউনিয়নের আটি বাজার গ্রামের মৃত শাহজাহানের মেয়ে রহিমা বেগম (৪৮) ও বাংলানগর এলাকার উল্ট ভিটা গ্রামের মৃত আশরাফ উদ্দিন হাওলাদারের মেয়ে নাছিমা বেগম (৫২)।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, রাজধানী ঢাকায় অবস্থান করলেও এই দুই নারী দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত ব্যবহার করে ইয়াবা পাচার ও ব্যবসায় সক্রিয় ছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।