ময়মনসিংহ রিজিয়নের ট্যুরিস্ট পুলিশ সুপার মোঃ নাইমুল হক, পিপিএম, গত শনিবার বিকাল ৪টায় নেত্রকোনা জেলার মদন উপজেলার উচিতপুরে অবস্থিত ‘মিনি কক্সবাজার’ খ্যাত হাওর এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাওরে চলাচলরত বিভিন্ন নৌযান সরেজমিন পরিদর্শন করেন এবং নৌকার মাঝি, নৌকা মালিক সমিতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় ট্যুরিস্ট পুলিশ সুপার বলেন, “দেশের পর্যটন খাত দ্রুত এগিয়ে যাচ্ছে। হাওর, পাহাড়, সমুদ্র—প্রাকৃতিক সৌন্দর্যের সবখানেই এখন পর্যটকদের উপস্থিতি বাড়ছে। এই আগ্রহ ধরে রাখতে হলে নিরাপত্তাই সবচেয়ে বড় বিষয়।”
তিনি আরও বলেন, “প্রতিটি নৌকায় অবশ্যই লাইফ জ্যাকেট, লাইফ বয়া ও অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে হবে। ছোট একটি অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই আমরা চাচ্ছি—সব পক্ষ সচেতন হোক। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা পর্যটকদের নিরাপত্তায় সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছি।
এছাড়াও তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, “আপনারা এই সৌন্দর্য রক্ষা করুন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। কারণ একটি ভালো পরিবেশই পর্যটকদের বারবার টানে।
প্রসঙ্গত, নেত্রকোনার উচিতপুর হাওর থেকে এখন সরাসরি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে, যা এ অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃত করেছে।