কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকায় ছিনতাইকালে হাতেনাতে ৩ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার রিজিওন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদের নির্দেশনায় পরিচালিত অভিযানে তাদের আটক করে সদর থানায় সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুনিয়াছড়া এলাকার শাহ আলম সোহেলের ছেলে মোঃ সোহাগ রাব্বি (১৬), মনিরুল হকের ছেলে মোঃ আলবি হাসান রাকিব (১৭) ও ইসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পাহাড়তলী এলাকার শামসুল আলমের ছেলে মতিউর রহমান (১৭)।
তারা শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে দলবদ্ধভাবে ছিনতাই করে আসছিল বলে অভিযোগ রয়েছে। অভিযানকালে তারা এক পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল—এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের হাতেনাতে আটক করে।
কক্সবাজার রিজিওন ট্যুরিস্ট পুলিশের (অতিরিক্ত ডিআইজি) মোঃ আপেল মাহমুদ বলেন, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কক্সবাজারকে অপরাধমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে।
আটকদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।