কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের ১০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং একজন স্থানীয় বাসিন্দা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে নিয়মিত তল্লাশিকালে কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। যাত্রীদের গতিবিধি সন্দেহজনক হলে তাদের নামিয়ে দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের পেটের ভিতরে কিছু লুকানো রয়েছে বলে প্রতীয়মান হয়। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণপূর্বক রাত সাড়ে ৮টার দিকে আটককৃতদের শরীর থেকে একে একে মোট ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা বের করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০,০০,০০০ (ত্রিশ লক্ষ) টাকা।
আটককৃত আসামীরা হলেন- রামু উপজেলার গর্জনিয়া এলাকার মৌলভী কাঠার দিল মোহাম্মদের পুত্র আব্দুর শুক্কুর (৪৩), উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-০২ এর ই/১০ ব্লকের রোহিঙ্গা দিল মোহাম্মদের ছেলে নুরুল আমিন (২৮), ক্যাম্পের ক্যাম্প-১০, ই/১০ ব্লকের রোহিঙ্গা শাহ আলমের ছেলে ছলিম উল্লাহ (২৫)।
এ বিষয়ে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রামু ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের অভ্যন্তরে মাদক চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত গোয়েন্দা তথ্য ও চেকপোস্টের তৎপরতায়ই এই বড় চালান আটক করা সম্ভব হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা ও আসামীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।