জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আগামীর বাংলাদেশ গড়ার” প্রত্যয়ে আগামীকাল শনিবার কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উদ্যোগে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় উখিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্থানীয় জুলাই যোদ্ধারা। এসময় তারা বলেন, এই জুলাইয়ের পদযাত্রায় ৮ উপজেলার মধ্যে শুধু উখিয়া উপজেলা থেকে ৩ হাজার যুবকের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে৷
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহেল ইসলাম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ ফাহাদ ও মিছবাহ উদ্দিন তাহিন চৌধুরী। তাঁরা জানান, দেশের ৬৪ জেলায় চলমান পদযাত্রার অংশ হিসেবে কক্সবাজারেও এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, যার লক্ষ্য হচ্ছে নাগরিক অধিকারভিত্তিক, সমতা, মর্যাদা ও সুবিচারনির্ভর একটি রাষ্ট্র গঠনে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে আরও বলেন, ১৯ জুলাই সকাল ১০টায় কক্সবাজার বাস টার্মিনাল থেকে পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে এটি পাবলিক লাইব্রেরি সংলগ্ন শহিদ দৌলত ময়দানে গিয়ে শেষ হবে, যেখানে অনুষ্ঠিত হবে একটি সংক্ষিপ্ত জনসভা। এই জনসভায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত কক্সবাজার একটি ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে এই জেলার ভূমিকাকে সামনে রেখে জনআন্দোলন গড়ে তুলতে চায় এনসিপি। পদযাত্রার অংশ হিসেবে শহিদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শহিদদের কবর জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদনের কর্মসূচিও রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই পদযাত্রা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি নাগরিক আন্দোলনের সূচনা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারাই এই আন্দোলনের ধারক-বাহক। জনগণের কাছে সত্য, স্বপ্ন ও প্রত্যাশা পৌঁছে দিতে আমরা আপনাদের পাশে চাই।