কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার কুতুপালং এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসীরা ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা চালিয়েছে। ডাকাতির সময় ট্রাক না থামানোয় গুলি চালিয়ে হেলপারকে গুরুতর আহত করেছে তারা। গুলিবিদ্ধ হেলপার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং টিভি টাওয়ার সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মুরগি বহনকারী মিনি ট্রাক মহাসড়ক দিয়ে কক্সবাজার থেকে টেকনাফের দিকে যাচ্ছিল। পথে কুতুপালং টিভি টাওয়ারের কাছে কিছু অজ্ঞাত রোহিঙ্গা যুবক রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে গাড়ি থামাতে বাধ্য করার চেষ্টা করে। চালক ট্রাক না থামিয়ে ইঞ্জিন চালু রাখেন এবং দরজা না খোলায় ডাকাতরা ক্ষিপ্ত হয়ে ট্রাক লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে ট্রাকের হেলপার বাম বুকে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। তবে চালক দ্রুত গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে প্রাণে রক্ষা পান।
পরে গুলিবিদ্ধ হেলপারকে প্রথমে ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তার বাম বুকের উপরের অংশে গুলির ক্ষতস্থানে ৬টি সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার পরামর্শ দেন।
আহত হেলপার জাহাঙ্গীর আলম (৪০) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধুরুমখালী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সৈয়দ আলম।
ঘটনার পর উখিয়া থানা পুলিশ ও উখিয়া শাহপরী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালালেও তাৎক্ষণিকভাবে নির্ভরযোগ্য কোনো তথ্য বা সন্ত্রাসীদের শনাক্ত করতে পারেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, রোহিঙ্গা শিবির ঘেঁষা এই এলাকায় সম্প্রতি অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। রাতে চলাচলকারী যানবাহনের চালক-সহকারীরা আতঙ্কে থাকেন।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনার বিষয়ে অবগত হয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, সীমান্তবর্তী রোহিঙ্গা শিবিরগুলোর আশপাশে সংঘবদ্ধ রোহিঙ্গা ডাকাতচক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। মাদক, অস্ত্র ও চাঁদাবাজির পাশাপাশি তারা ডাকাতিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও।