কক্সবাজারের টেকনাফে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-এর সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ‘ক্রিস্টাল মেথ’ (আইস) এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এসময় এক চোরাকারবারিকে আটক করা হলেও তার দুই সহযোগী পালিয়ে যায়।
শনিবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৩টায় টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর জালিয়াপাড়ায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে আসা একটি মাদকচক্র বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র জালিয়াপাড়ার জনৈক মোঃ করিমের বাড়িতে মজুদ করে লেনদেনের প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি, এর নেতৃত্বে বিজিবির একাধিক দল এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। অভিযানের একপর্যায়ে তিনজন চোরাকারবারি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা একজনকে আটক করতে সক্ষম হয়।
পরে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে করিমের ঘরের খাটের নিচ থেকে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ০.৮১৬ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। বিজিবি’র দাবি, এটি সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় আটককৃত উল্লেখযোগ্য আইস চালানগুলোর একটি।
আটককৃত শফিক (২৬), টেকনাফ পুরাতন পল্লানপাড়া এলাকার ইউনুসের ছেলে। এবং অপরজন পলাতক মোঃ করিম (৩৩), উত্তর জালিয়াপাড়া এলাকার মিলিংগা এর ছেলে (পলাতক) রয়েছে।
অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি, বলেন”সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালান রোধে বিজিবি সবসময় অটল এবং সচেষ্ট। আজকের অভিযান তারই বাস্তব প্রমাণ। আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি।
তিনি আরও বলেন,স্থানীয়রা যদি তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে চোরাকারবারি চক্রের মূলহোতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।