কক্সবাজার রেলওয়ে স্টেশনে র্যাব-১৫ এর ডগ স্কোয়াড ইউনিটের সহায়তায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় র্যাব-১৫ এর একটি চৌকস দল কক্সবাজার রেলস্টেশনে উপস্থিত হয়ে যাত্রী, লাগেজ ও স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চালায়।
র্যাব সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী ট্রেন চালু হওয়ার পর থেকে ট্রেনপথে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচারের প্রবণতা বেড়েছে। সম্প্রতি কয়েকটি জাতীয় গণমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে কক্সবাজার রেলস্টেশনে পর্যাপ্ত লাগেজ স্ক্যানার ও আধুনিক নিরাপত্তা সরঞ্জাম না থাকায় র্যাব-১৫ তাদের ডগ স্কোয়াড ব্যবহার করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। রবিবারের অভিযানে স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্ম, যাত্রীদের ব্যাগপত্র ও সন্দেহভাজন এলাকাগুলোতে নিবিড়ভাবে তল্লাশি চালানো হয়। বিশেষ করে ট্রেন আসা-যাওয়ার সময় তল্লাশি আরও কঠোর করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মোঃ কামরুল হাসান বলেন, “আমরা চাই কক্সবাজার রেলস্টেশনকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত পরিবেশ হিসেবে গড়ে তুলতে। ট্রেনভিত্তিক মাদক পাচার রোধে আমরা নিয়মিত নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছি।”
তিনি আরও জানান, মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১৫ সবসময় প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, কক্সবাজারের এই আইকনিক রেলওয়ে স্টেশন পর্যটক ও স্থানীয়দের চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই মাদক চক্রের অপতৎপরতা রোধে নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বিত নজরদারি জোরদার করা হচ্ছে।