কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবি’র মেডিকেল ক্যাম্পে ৭৭ পুরুষ, ১০৬ নারী ও ২০ শিশুসহ ২০৩ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সীমান্ত রক্ষা ছাড়াও মানবিক সহায়তায় অসামান্য ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় উখিয়ায় চিকিৎসা সেবা ও টেকনাফে আহত এক জেলেকে আর্থিক অনুদান দিয়েছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
সোমবার (২১ জুলাই) উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন বালুখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণ বালুখালী লতিফুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে মোট ২০৩ জন স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ৭৭ জন পুরুষ, ১০৬ জন নারী ও ২০ জন শিশু ছিলেন। সেবা প্রদান করেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর নুসরাত জাহান প্রীতি, এএমসি ও মেজর মোঃ শাহাদাত হোসেন শুভ, এএমসি।
ক্যাম্প কার্যক্রম সার্বিক তত্ত্বাবধান করেন লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি, অধিনায়ক, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এবং সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা। মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে একটি ব্যতিক্রমী মানবিক সহযোগিতাও প্রদান করা হয়। গত ৬ এপ্রিল ২০২৫ তারিখে হোয়াইক্যং সীমান্তের তোতারদ্বীপ এলাকায় নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির পুতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে ডান পা হারানো বাংলাদেশি জেলে মোঃ ফিরোজ (৩০)-কে আর্থিক অনুদান প্রদান করেন বিজিবি অধিনায়ক।
আহত জেলে ফিরোজ, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা, পিতা আলী আহমেদ। দুর্ঘটনার পর থেকে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে কার্যকরভাবে কাজ করে চলেছে উখিয়া ব্যাটালিয়ন। পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও বিজিবি স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, আমরা শুধু সীমান্ত পাহারা দিই না, সীমান্ত এলাকার মানুষের পাশে থেকে সহানুভূতির হাতও বাড়িয়ে দিই। ভবিষ্যতেও বিজিবি’র এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।