কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। অভিযানকালে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোনও জব্দ করা হয়।
রবিবার (২০ জুলাই) বিকালে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুলাতলী ঘাটে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবার চালান প্রস্তুত করে সমুদ্রপথে পাচারের প্রস্তুতি নিচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল ছদ্মবেশে এলাকায় দীর্ঘ ২৪ ঘণ্টা নজরদারি চালায়।
পরে জনৈক সুলতান আহাম্মদের মালিকানাধীন মাছ ধরার কাঠের নৌকায় অভিযান চালিয়ে বিশেষভাবে লুকানো ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় চার মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তাদের তিন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী এলাকার আব্দুল হাকিমের ছেলে মোঃ আব্দুস সালাম (৩৩), মৃত ফরিদ আলমের ছেলে মোঃ আব্দুল্লাহ (৩৫), মৃত আহাম্মদ হোসেনের ছেলে মোঃ নজরুল ইসলাম ওরফে কালু (৩৪), মৃত অলি আহাম্মদের ছেলে মোঃ সামছুল আলম (৫২)।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, মাদকের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।