বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে বসবাসরত ২০টি পরিবারের মোট ৭১ জন মিয়ানমার নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।
গত মঙ্গলবার ২২ জুলাই ও বুধবার ২৩ জুলাই বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী ও তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে তারা স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবর্তন করেন।
বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ বাইশফাঁড়ী ও তুমব্রু বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে বিজিবির সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়ে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মিয়ানমার নাগরিকদের এ প্রত্যাবর্তন কার্যক্রম পরিচালিত হয়।
জানা গেছে, প্রত্যাবর্তনকারী এসব পরিবার মূলত মিয়ানমারের তংচংঙ্গা ও উপজাতি সম্প্রদায়ের নাগরিক। তারা গত ১ থেকে ২ বছর ধরে বাংলাদেশের তংচংঙ্গা ও হেডম্যান পাড়ায় স্থানীয় উপজাতি জনগণের সাথে অবৈধভাবে বসবাস করে আসছিলেন।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, গত ১-২ বছর ধরে মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের কিছু নাগরিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের পার্বত্য এলাকায় স্থানীয় উপজাতি জনগোষ্ঠীর সঙ্গে অবৈধভাবে বসবাস করে আসছিল।
তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের উদ্যোগ গ্রহণ করি। বিজিবির সক্রিয় তৎপরতায় তাদের শান্তিপূর্ণভাবে স্বদেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।