চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের নায়েবে মুন্তাজেম, গাউছুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-এর চতুর্থ শাহজাদা ও আনজুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর কেন্দ্রীয় সভাপতি শাহসূফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন।
গত বুধবার (২৩ জুলাই) ভোর ৬টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একই দিন বাদ এশা ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসূফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মাঃআঃ)।

লাখো আশেকান, অনুসারী ও সাধারণ মানুষের অংশগ্রহণে ময়দান পরিণত হয় শোকমঞ্চে। জানাজা শেষে তাঁকে তাঁর ওসিয়ত মোতাবেক দরবার শরীফসংলগ্ন “বাগে হোসাইনী” প্রাঙ্গণে, পিতা গাউছুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-এর কবর মোবারকের পাশে দাফন করা হয়।
শাহসূফি ডা. সৈয়দ দিদারুল হক ছিলেন একজন খ্যাতিমান আধ্যাত্মিক সাধক, চিকিৎসাবিদ ও সমাজসেবক। তাঁর মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।