কক্সবাজারের রামুতে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ৩০ বিজিবি।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টের রাবার ডেম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল রাবার ডেম চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এ সময় যাত্রী ইমরানের হাতে থাকা ব্যাগে বিশেষ কৌশলে লুকানো ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।
আটককৃত ব্যক্তি হলেন: ইমরান (২২), উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা লেংগার বিল এলাকার আব্দুর রহিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বে থাকা টহল দল একজন মাদক পাচারকারীকে ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক করা হয়েছে। ইয়াবাগুলো অত্যন্ত কৌশলে তার ব্যাগে লুকানো ছিল। বিজিবি শুরু থেকেই মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং আমাদের প্রতিটি চেকপোস্টে তৎপরতা অব্যাহত রয়েছে।
আটককৃত মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।