কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প ও হোস্ট কমিউনিটি এলাকায় পরিচালিত পরিবেশবান্ধব উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের দুই সদস্যের একটি প্রতিনিধি দল।
সফরকারী দলের নেতৃত্ব দেন ব্রিটিশ হাই কমিশনের জলবায়ু ও পরিবেশ বিভাগের টিম লিডার নাথানেইজ স্মিথ।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রতিনিধি দলটি কুতুপালং এলাকায় পৌঁছে এনজিও হেলভেটাস পরিচালিত অ্যাগ্রিগেশন সেন্টার পরিদর্শন করেন। সেখানে তারা স্থানীয় কৃষকদের উৎপাদিত শাকসবজি ঘুরে দেখেন এবং বাজারজাতকরণ কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন।
এরপর প্রতিনিধি দলটি কাস্টমস মোড়ে সুশীলন পরিচালিত কৃষি প্লট, বালুখালীতে স্থাপিত কম্পোস্ট সার ব্যবস্থাপনা কেন্দ্র এবং ক্যাম্প-০৪ ও ০৫–এ অ্যাকশন এইডের বাস্তবায়নে পরিচালিত বিভিন্ন বনায়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের কাছ থেকে প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জানতে চান।
দুপুরে তারা ক্যাম্প-১১ এর জে/০৪ ব্লকে অবস্থিত ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন, যেখানে রোহিঙ্গা নারী উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন কুটির শিল্প সামগ্রী প্রদর্শিত হয়। এসময় প্রতিনিধি দলটি উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং নারীদের আত্মকর্মসংস্থান কার্যক্রমকে সাধুবাদ জানান।
বিকাল ৩টা ৩৫ মিনিটে প্রতিনিধি দলটি সফর শেষ করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন।