কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর সদস্যরা বিশেষ অভিযানে গোয়ালিয়া চেকপোস্ট এলাকা থেকে প্রায় ৩০ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১০ হাজার ২০০ পিস বার্মিজ ইয়াবাসহ একজন রোহিঙ্গা নারীকে আটক করেছে।
সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্টের সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। সিএনজির নারী যাত্রীকে জিজ্ঞাসাবাদে তার আচরণ সন্দেহজনক মনে হলে শরীর তল্লাশি করা হয়।
আটক নারী নজুমা বেগম (৩৫), উখিয়ার কুতুপালং ২নং ক্যাম্পের ডি-৪ ব্লকের বাসিন্দা এবাদুল্লাহ’র স্ত্রী। তার শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০,২০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৬০ হাজার টাকা।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, আজকের অভিযানে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ হাজার ২০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছি এবং একজন রোহিঙ্গা নারীকে আটক করতে সক্ষম হয়েছি। বিজিবি’র সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় থাকবে।
আটক নারী ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।