কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর গলাচিরা গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, দেশীয় বন্দুক, গ্রেনেড ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব।
সোমবার (২৯ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলা এ অভিযানে সন্ত্রাসীদের গহীন আস্তানায় চিরুনি অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবি ও র্যাব-১৫ এর একটি যৌথ অভিযানিক দল রঙ্গীখালীর গলাচিরা পাহাড় ঘিরে ফেলে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি ডাকাত দল দূর পাহাড় থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে সংকীর্ণ পাহাড়ি পথ ব্যবহার করে পালিয়ে যায়। এরপর অভিযানিক দল পাহাড়ে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র- একটি বিদেশি সাবমেশিন গান (UZI), দুটি একনলা গাদা বন্দুক (লম্বা ব্যারেল), চারটি আর্জেস হ্যান্ড গ্রেনেড (ফিউজসহ), ১০ রাউন্ড (৭.৬২x৫১ মি.মি ন্যাটো) গুলি উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় জমা দেওয়া হয়েছে এবং গ্রেনেড নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন,গহীন পাহাড়ে অবস্থান নেওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই পাহাড়ি এলাকায় সন্ত্রাসী ও ডাকাত চক্রের অবাধ বিচরণ ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।