কক্সবাজারে জুলাই বিপ্লব-২০২৪–এর শহীদদের স্মরণে কক্সবাজার সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকাল ৪টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে আয়োজিত এই খেলায় মুখোমুখি হয় শহীদ আহসান হাবিব ফুটবল একাদশ ও ড. শামসুল হুদা ফুটবল একাদশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫), কক্সবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল হাসান, পিএসসি, আর্টিলারি। সভাপতিত্ব করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আনোয়ার আমিন চৌধুরী।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত ম্যাচে শহীদ আহসান হাবিব একাদশ ৩-২ গোলে ড. শামসুল হুদা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন। একইসঙ্গে ছাত্রছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান বলেন- কক্সবাজার একটি মাদকপ্রবণ এলাকা। এখানকার তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং একটি মাদকমুক্ত সমাজ গঠনের কার্যকর উপায়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চায় সম্পৃক্ত হতে হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে কক্সবাজারে এ ধরনের যেকোনো ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে র্যাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
অনুষ্ঠানে র্যাব সদস্য, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলার শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।