কক্সবাজারের উখিয়া উপজেলায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উখিয়া সদর স্টেশন মসজিদ মার্কেট চত্বরে উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশ হাজারেরও বেশি নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে একাধিক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উখিয়া উপজেলা বিএনপির ব্যানারে বৃহত্তর একটি মিছিল হিজলিয়া স্টেশন থেকে শুরু হয়ে সভাস্থলে এসে যোগদান করে। এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে পৃথক পৃথক মিছিল স্টেশন প্রদক্ষিণ করে সমাবেশে যোগ দেয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ফলে দেশ থেকে স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র রক্ষার এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা স্বৈরাচার ও অবিচারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের প্রতীক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোলতান মাহমুদ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য তারেক মাহমুদ চৌধুরী রাজিব, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী, তরুণ রাজনীতিবিদ ব্যারিস্টার সাফফাত ফারদিন চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সাইফুল সিকদার, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আব্দুল মালেক মানিক, ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।