চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর মানিক হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী মোঃ রাসেল (৩৬) অবশেষে ধরা পড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর জালে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭, চট্টগ্রামের একটি চৌকস দল বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুচড়া কুলাগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
চট্টগ্রাম র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন- মানিক হত্যা মামলার প্রধান আসামী রাসেল ঘটনার পর থেকেই পলাতক ছিল। তার অবস্থান শনাক্তে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও তথ্যভিত্তিক অভিযান চলছিল। অবশেষে সফল অভিযানে তাকে আটক করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারেও অভিযান চলমান রয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, নিহত মোঃ মানিক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ভিংরোল এলাকার বাসিন্দা। তার সঙ্গে রাসেল ও সেলিম নামে দুই ব্যক্তির মধ্যে পূর্ব থেকে টাকা-পাওনা সংক্রান্ত বিরোধ ছিল। এই বিরোধের জেরে গত ১৭ মার্চ বিকেলে রাসেল পরিকল্পিতভাবে মানিককে টাকা পরিশোধের কথা বলে আনোয়ারা উপজেলার পরৈকোড়া এলাকায় ডেকে নেয়। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে রাসেল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র—চাপাতি, কিরিচ, রামদা, লোহার রড় ও আগ্নেয়াস্ত্র দিয়ে মানিককে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মানিককে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন ১৮ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মানিক মৃত্যুবরণ করেন।
ঘটনার পর নিহতের বড় ভাই মোহাম্মদ বাবু ওরফে বাবুল বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর: ২২/২০২৫, ধারা: ৩০২/৩৪ দণ্ডবিধি। মামলার প্রধান আসামী রাসেল ঘটনার পর আত্মগোপনে চলে যায়। পরে র্যাব-৭ ছায়াতদন্ত ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে সফল অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রাসেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।