কক্সবাজারের উখিয়ায় পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি (জন্মাষ্টমী) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উখিয়া থানা রোড সংলগ্ন ভৈরব মন্দির প্রাঙ্গণ থেকে এ শোভাযাত্রা বের করা হয়।
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় প্রায় তিন শতাধিক ভক্ত অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি ভৈরব মন্দির থেকে শুরু হয়ে উখিয়া পল্লী বিদ্যুৎ অফিস প্রদক্ষিণ করে পুনরায় ভৈরব মন্দির প্রাঙ্গণে এসে সমাপনী আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী। প্রধান মেহমান ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শর্মা রনি। এছাড়াও মৃদুল আইচসহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ভক্তরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ন্যায়, সত্য ও ধর্মের পথে চলার শিক্ষা দেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। শোভাযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।