কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩২টি ক্যাম্পের রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া, সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম বাস্তবায়নে লক্ষ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্য থেকে ৫ জন প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দিনব্যাপী উখিয়ার ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত সিআইসি অফিস সংলগ্ন টিকাকেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সূত্রে জানা গেছে, নির্বাচনটি অনুষ্ঠিত হয় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এর অনুমতিক্রমে ও সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জের তত্ত্বাবধানে। সকাল ৯টা ৫০ মিনিট থেকে রাত ৭টা ১০ মিনিট পর্যন্ত দীর্ঘ এই নির্বাচনী প্রক্রিয়ায় ৩২টি ক্যাম্পের ১৩টি ক্যাটাগরিতে রোহিঙ্গারা ধাপে ধাপে ভোটাধিকার প্রয়োগ করে।
প্রথম ধাপে মোট ৪৪৮ জন ভোটার ৬৭ জনকে নির্বাচিত করেন। দ্বিতীয় ধাপে এই ৬৭ জনের মধ্যে থেকে ২৬ জন এবং শেষ ধাপে ২৬ জনের মধ্য থেকে সর্বশেষ ৫ জন প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচিত হন।
নির্বাচিত ৫ সভাপতি প্রতিনিধি হলেন, ১৫নং রোহিঙ্গা ক্যাম্পের শহিদুল্লাহ(১ম), ক্যাম্প ১ ইস্টের স্কুল টিচার জাহাঙ্গীর আলম (২য়), কিমং প্রকাশ (রফিক) (৩য়), ক্যাম্প-০১ ওয়েস্টের স্কুল শিক্ষক মোঃ শফি(৪র্থ) ও ক্যাম্প-১৫, নারী প্রতিনিধি মোছাঃ সাজিদা বেগম (৫ম)৷
রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ এপিবিএন-এর সহ-অধিনায়ক উইক্য সিং জানান, “নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এটি রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটি বড় পদক্ষেপ। এছাড়া নির্বাচন চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷
১৬নং রোহিঙ্গা ক্যাম্পের ইন-চার্জ রিন্টু বিকাশ চাকমা বলেন, “এই নির্বাচনটি মূলত রোহিঙ্গাদের নিজেদের উদ্যোগে এবং অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। লাখ লাখ রোহিঙ্গার পক্ষ থেকে প্রতিনিধিত্বের জন্য এই পাঁচজনকে নির্বাচন করা হয়েছে।”
এই প্রতিনিধিরা রোহিঙ্গা জনগোষ্ঠী এবং সংশ্লিষ্ট প্রশাসনের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবেন। প্রত্যাবাসন প্রক্রিয়া, সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।