কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।
শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ১.২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে শুক্কুরের কাটি এলাকায় টহলদল অবস্থান নেয়। এসময় মিয়ানমার দিক থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
পরবর্তীতে এলাকায় তল্লাশি চালিয়ে সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ থেকে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় টেকনাফ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক চোরাকারবারীদের সনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, বিজিবি সবসময় সীমান্তে কঠোর নজরদারি বজায় রেখে মাদক চোরাচালান প্রতিরোধে কাজ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং চোরাকারবারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।