কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টার থেকে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকদের চাকরি পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে দীর্ঘ নয় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। বিকেল চারটার দিকে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করলেও আগামীকাল চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।
সকালে কোর্টবাজার স্টেশন এলাকায় (কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়ক) প্রায় তিন শতাধিক শিক্ষক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনের নেতৃত্ব দেন হোস্ট কমিউনিটির শিক্ষক শাহিদুল ইসলাম শামীম। চাকরি পুনর্বহালসহ তিন দফা দাবিতে তারা প্রধান সড়কে বসে থেকে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন।
অবরোধ চলাকালে কক্সবাজারমুখী ও রোহিঙ্গা ক্যাম্পমুখী এনজিও-আইএনজিও সংস্থার একাধিক গাড়ি আটকে দেওয়া হয়। ফলে মহাসড়কে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সাধারণ যাত্রীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন। তবে সেনাবাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করলে স্কুল-কলেজগামী এবং অ্যাম্বুলেন্স গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়।
আন্দোলন শুরু হওয়ার পর থেকেই উখিয়া থানা পুলিশ, সেনাবাহিনী ও র্যাব-১৫ এর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন থাকে। পরে দুপুর ১টার দিকে কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইফুদ্দীন শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী ও উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন।
পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন সাংবাদিকদের বলেন,আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলেছি। তাদের দাবির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
তিন দফা দাবিঃ আন্দোলনরত শিক্ষকরা নতুন করে তিন দফা দাবি ঘোষণা করেন-(১) চাকরিচ্যুত শিক্ষকদের অবিলম্বে পুনর্বহাল।(২) সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে সব শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা।(৩) দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা।
আন্দোলন স্থগিত, নতুন কর্মসূচি ঘোষণাঃ বিকেল ৪টায় দীর্ঘ ৯ ঘণ্টা অবস্থানের পর শিক্ষকরা আজকের মতো অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে আন্দোলনের নেতৃত্বে থাকা শাহিদুল ইসলাম শামীম সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন- আজকের মতো রোড ব্লকেড অবরোধ স্থগিত করা হলো। আগামীকাল চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
বর্তমানে উখিয়া-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।