কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে এক লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, দুপুরের দিকে গোপন সূত্রে খবর আসে মিয়ানমারের মাদক কারবারীরা জেলের ছদ্মবেশে মাছ ধরার আড়ালে নাফ নদী হয়ে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে আনতে যাচ্ছে। খবর পেয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নির্দেশে বিশেষ নৌ-টহল মোতায়েন করা হয়।
দুপুর দেড়টার দিকে সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় একটি সন্দেহজনক জেলে নৌকা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি টহলদল সেটি ধাওয়া করে। এসময় নৌকায় থাকা দুই মাদককারবারী সাঁতরে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে মাছ ধরার জালের ভেতরে লুকানো অবস্থায় বিশেষভাবে মোড়ানো একটি প্যাকেট থেকে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার পর নাফ নদীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত অভিযান চালানো হলেও কাউকে আটক করা যায়নি। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্তে মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থান বজায় রেখেছে। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।