কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) ভোররাত ১২টা ৫০ মিনিটের দিকে রেজুখাল চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশি কার্যক্রম চলাকালে একটি মোটরসাইকেল থামানো হয়। পরে মোটরসাইকেলের সিটের নিচ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় টেকনাফ উপজেলার সাবরাং আলীর ডেইল গ্রামের বাসিন্দা মোঃ আক্তার হোসেন ফারুক (২৩), পিতা-আমির হোসেনকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন- বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে। সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।