কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, দুপুর ১২টা ২০ মিনিটে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩১/২-আর থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময় মো. রশিদ আহমেদ (৩৬) এবং মো. ওমর ফারুক (১৮) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক পাচারে ব্যবহৃত একটি বাটন ফোনও জব্দ করা হয়।
আটককৃত রশিদ আহমেদ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম পশ্চিম পাড়ার বাসিন্দা এবং ওমর ফারুক বান্দরবানের উখিয়া থানাধীন উখিয়া ঘাটের বাসিন্দা।
আটককৃত দুই আসামীকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।