কক্সবাজারের টেকনাফ ও মহেশখালীতে পৃথক অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ একাধিক সরঞ্জাম জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এসময় একাধিক মামলার আসামি ফারুককে আটক করা হয়েছে।
নৌবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (৩১ আগস্ট) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ভাঙা ব্রিজ সংলগ্ন পাহাড়ের কাছে ডাকাতদের একটি আস্তানায় অভিযান চালানো হয়। নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। পরে আস্তানা তল্লাশি করে একটি দেশীয় পিস্তল (এলজি) এবং ৭.৬২ মি.মি. ক্যালিবারের ২০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
অপরদিকে একই রাতে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ায় অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র মামলার আসামি ফারুককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ১৬ হাজার ৩৫১ টাকা ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে তার নিজ বাড়ি থেকে আরও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করে নৌবাহিনী।
জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক ও অস্ত্রসহ সকল ধরনের অপরাধ প্রতিহত করতে দায়িত্বপূর্ণ এলাকায় তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।