কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ট্যুরিজম এলাকায় অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে ট্যুরিস্ট পুলিশের উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেছে কলাতলী মেরিনড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতি।
সমিতির সভাপতি খসরু চৌধুরী ও সাধারণ সম্পাদক মুকিম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি ট্যুরিস্ট পুলিশ মোঃ আপেল মাহমুদ যোগদানের পর থেকে যেভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন এবং পর্যটন এলাকায় অপরাধ দমনে দৃঢ় ভূমিকা রাখছেন তা অত্যন্ত প্রশংসনীয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ট্যুরিস্ট পুলিশের সময়োপযোগী কার্যক্রমের ফলে দেশি-বিদেশি পর্যটকরা এখন কক্সবাজারে নিরাপদে ভ্রমণ করছেন। পর্যটন শিল্পের সুষ্ঠু বিকাশে আমরা এসব উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং ট্যুরিস্ট পুলিশের উত্তরোত্তর সফলতা কামনা করি।

এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান অঙ্গীকার। কক্সবাজারকে একটি অপরাধমুক্ত নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে ট্যুরিস্ট পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। এই কার্যক্রমে হোটেল-মালিক সমিতি ও স্থানীয় জনগণের সহযোগিতা পেলে ট্যুরিজম খাত আরও এগিয়ে যাবে।